হোম » সারাদেশ » গুচ্ছের ‘সি’ ইউনিট পরীক্ষায় কুবিতে অনুপস্থিতির হার ৩.৮১ শতাংশ

গুচ্ছের ‘সি’ ইউনিট পরীক্ষায় কুবিতে অনুপস্থিতির হার ৩.৮১ শতাংশ

সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা: ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ আরও দুটি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিতির হার ৩.৮১ শতাংশ এবং উপস্থিতির হার ৯৬.১৯ শতাংশ।

শনিবার (২৭মে ) দুপুর ১ টায় পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের আহ্বায়ক ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বি.এড কলেজ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৩,৩৮৬ জন। এর মধ্যে ১২৯ জন অনুপস্থিত ছিল। মোট উপস্থিতির হার ৯৬.১৯ শতাংশ। পরীক্ষাটি সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও টিচার্স ট্রেনিং কলেজ (বি.এড কলেজ) ঘুরে দেখা যায়, সকল কেন্দ্রেই সুষ্ঠ ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ছিল শাখা ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় দায়িত্ব পালন করেছে।

‘জাহিদুল ইসলাম’ নামের এক পরিক্ষার্থী বলেন, “আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে।প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। একাউন্টিং বিষয়টা একটু কঠিন হয়েছে তবে বাংলা বিষয়টা একটু কনফিউজিং ছিলো। সব মিলিয়ে ভালোই ছিলো।”

‘রউনোক জাহান মেঘলা’ নামের আরেক পরীক্ষার্থী বলেন,“ প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো ছিলো।তবে একাউন্টিং নিয়ে এক্টু ভয়ে ছিলাম তবে মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এত সহজও না আবার কঠিনও না, স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিলো।”

সি ইউনিটের পরীক্ষা বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, “ সি ইউনিট পরীক্ষার সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর ছিলো। পরীক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা কম ছিলো। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক এবং অন্যান্য যারা সাহায্য করেছে সকলকে ধন্যবাদ।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!