প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ৩:০৯ পি.এম
দাগনভূঞা প্রবাসী ফোরামের বর্ষপূর্তি উদযাপন

দাগনভূঞা প্রতিনিধি: বিশ্ব জুড়ে ভ্রাতৃত্বের সেতু বন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা প্রবাসীদের মানবিক সংগঠন প্রবাসীদের গঠিত "দাগনভূঞা প্রবাসী ফোরাম" এর ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
ফোরামের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্থানীয় গ্র্যান্ড সুইটস এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোরামের স্থানীয় কমিটির সভাপতি পেয়ার আহমেদ এর সভাপতিত্বে ও ফোরামের স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদ শাইখ এর সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ মিয়া, ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন ও স্থানীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন দীপক প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, ফোরামের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক উদ্দিন আহমেদ এর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে কেক কেটে ফোরামের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সভায় বক্তারা ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং মানবিক কাজগুলো অব্যাহত রাখার আহ্বান জানান।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব বলেন, বিভিন্ন দেশের প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়েই এধরণের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ফোরামের সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, আজবদি পর্যন্ত ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী,
অসচ্ছল প্রবাসীদের পরিবার ও দুরারোগ্য আক্রান্ত গরীব অসহায়দের উন্নত চিকিৎসা সেবার খরচসহ ১০৫টি আবেদনের প্রেক্ষিতে প্রায় ১ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২০ সালের ৬ মে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.