প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৩, ২:৩৬ পি.এম
সুন্দরগঞ্জের প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে দরিদ্রের জমি জবর দখলের চেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান এলাকায় প্রভাবশালী এক পরিবার কর্তৃক প্রতিবেশী দরিদ্র আরেক পরিবারের জমি জোরপূর্বক দখলে রেখে গাছপালা কর্তনের চেষ্টা ও জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সতীরজান এলাকার মৃত জেলাল উদ্দিনের ছেলে খাদেম হোসেন, খাদেম হোসেনের ছেলে গোলজার, মতিউর, মোখলেছুর, মানিক ও হীরা গংরা লাঠি ও গায়ের জোরে অবৈধভাবে প্রতিবেশী মৃত দেলদার হোসেনের ছেলে জালাল উদ্দিন গংদের বসতভিটা, জমি ও গাছপালা জবরদখলের চেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছে। এ ব্যাপারে অতীতে অনেকবার কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করেন।
ওই সময় খাদেম হোসেন ও গোলজার হোসেন গংরা কোনরূপ কাগজপত্র দেখাতে না পারায় জালাল উদ্দিন গংদের পক্ষে লিখিতভাবে রায় প্রদান করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা।এরপর জালাল উদ্দিন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত সুন্দরগঞ্জ গাইবান্ধায় মামলা করলে বিজ্ঞ আদালত উক্ত নালিশি জমিতে দখল বিষয়ক স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাদেম হোসেন ও গোলজার হোসেন গংরা শনিবার সকালে জালাল উদ্দিনের বসতভিটায় গরুর বাতান ভাঙতে যায়।
গাছপালা কর্তনের চেষ্টা করে। সে সময় তারা ওই নালিশি জমি তাদের নিজেদের বলে দাবি করে জালাল উদ্দিন গংদের অকথ্য ভাষায় গালাগাল করেন। এছাড়া খুন করে গুম করে জমির স্বাদ মিটিয়ে দেবেন বলেও গালিগালাজ করেন প্রভাবশালী খাদেম হোসেন ও গোলজার হোসেন গংরা।
এই অবৈধ জবরদখলে গোলজার হোসেন গংদের অপর আত্মীয় নুরুল ইসলাম, তার ছেলে ওয়াসিম ও রুবেলদের যোগসাজসে দরিদ্র জালাল উদ্দিনের জমি অবৈধভাবে দখলে নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী জালাল উদ্দিন।
এসব বিষয়ে জানতে মুঠোফোনে খাদেম হোসেনের ছেলে গোলজার হোসেনের সাথে কথা হলে তিনি ওই নালিশি জমি এবং গাছগুলো তাদের নিজেদের বলে দাবি করেন। এছাড়া জোর জবর করে জমি দখলের চেষ্টা ও গালিগালাজের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.