
এম এ রাশেদ: বগুড়া পুলিশ লাইন্স ড্রিলসেডে সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতেই গত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্ব-সম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ তাদের বক্তব্যে বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যা তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানের নিমিত্তে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক সমাধান প্রদান ও আশ্বস্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
কল্যাণ সভায় মার্চ/২০২৩ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য বগুড়া জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের মধ্যে ক্রেস্ট ও অর্থ পুরস্কৃত করা হয়। এছাড়াও সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত পুলিশ সদস্যদেরকে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও কল্যাণ সভা শেষে পুলিশ সুপার, বগুড়া মহোদয় পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার সকল সার্কেল অফিস, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ট্রাফিক, ডিবি, ডিএসবি, কোর্ট, পুলিশ লাইন্স ব্যারাক, নারী ব্যারাক, মোটরযান শাখা, রেশন স্টোর, অস্ত্রাগার, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লদিং স্টোর, পুলিশ হাসপাতাল, পুলিশ অফিসের বিভিন্ন শাখা সহ মোট ৪৮ টি ইউনিটে কর্মরত পুলিশ ও সিভিল সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।
পরে বেলা ১২.৩০ ঘটিকায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সেই সাথে মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)'গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল সিনিয়র কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।