প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ছোট ভাইকে পিটিয়ে হত্যা, বড় ভাই গ্রেপ্তার

জেএম.মমিন, বোরহানউদ্দিনঃ ভোলার বোরহানউদ্দিনে ছালেম মুন্সি (৫৮) নামে ছোট ভাইকে পিটিয়ে মারার অভিযোগে বড় ভাই নসু মুন্সিকে (৬০) আটক করেছে পুলিশ ৷ শুক্রবার বিকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এঘটনা ঘটে৷ নিহত ছালেম মুন্সি ও আটক নসু মুন্সি সম্পর্কে আপন দুই ভাই ৷ তারা ওই এলাকার আমির মুন্সির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে তাদের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন নিহত ছালেম মুন্সির ছাগলে নসু মুন্সির সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্য়ায়ে তা নিয়ে মারামারি হয়। এতে বড় ভাইয়ের কিল ঘুসিতে ঘটনাস্থলেই ছোট ভাই নিহত হয়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া ও পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও নসু মুন্সিকে আটক করেন। নিহতের স্ত্রী জয়তুন বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ আমার ভাসুরের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান । এর জেরে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে ৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন ৷ এবং মামলার প্রধান আসামী নসু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.