হোম » সারাদেশ » না’গঞ্জে প্রতিপক্ষের হাতে খুন ১৪ মামলার আসামী আফজাল

না’গঞ্জে প্রতিপক্ষের হাতে খুন ১৪ মামলার আসামী আফজাল

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন স্থানীয় দুর্ধর্ষ সন্ত্রাসী আফজাল (৪২)। গতকাল বৃহস্পতিবার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় তাকে রিকশা থেকে তুলে নিয়ে রাস্তার পাশে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আফজালের বিরুদ্ধে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় প্রায় ১৪টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগে সে একাধিকবার গ্রেফতার হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়। নিহত আফজাল হোসেন পশ্চিম দেওভোগের প্রধানবাড়ির এবায়দুলের ছেলে।

স্থানীয়রা জানান, পশ্চিম দেওভোগের বাঁশমুলি এলাকায় রাজু বাহিনী ও সাল্লু বাহিনী নামে দু’টি সক্রিয় সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত। এখানকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা প্রায়ই সংঘর্ষে লিপ্ত হতো। আফজাল ছিল রাজু বাহিনীর লোক। কিন্তু সম্প্রতি রাজুর সাথে আফজালের বিরোধ তৈরি হওয়ায় কিছুদিন আগে আফজাল তার সঙ্গীদের নিয়ে রাজু প্রধানের সহযোগী রাসেলের ভাই রাশেদকে কুপিয়ে আহত করে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং আফজাল গ্রেফতার হয়।

আফজালের ভাই মোফাজ্জল জানান, সকাল ৯টার দিকে বাশমুলি এলাকা দিয়ে যাচ্ছিল আফজাল। এ সময় রাজু, রাসেল ও রাশেদসহ প্রায় ১০/১২ জন মিলে আফজালকে হাসেমবাগ এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তারা আফজালকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য রাজু প্রধানকে স্থানীয় পঞ্চায়েতের লোকজন এলাকা থেকে তাড়িয়ে দেয়ার পর থেকে আফজালের সাথে তাদের বিরোধ তৈরি হয় বলে জানায় মোফাজ্জল। ওই বিরোধের জেরেই আফজালকে খুন হতে হয়েছে বলে মনে করেন তিনি।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, নিহতের সাথে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর বিরোধ ছিল। কয়েকমাস পূর্বে নিহত আফজাল রাশেদ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। রাশেদ প্রাণে বেঁচে গেলেও পঙ্গু হয়ে জীবন যাপন করছে এখন। এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারও হয় আফজাল। স¤প্রতি সে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসে। বৃহস্পতিবার সকালে তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!