প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ
এক মাস বয়সী পুত্রসন্তান রেখে মায়ের আত্মহত্যা

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মাস বয়সী পুত্রসন্তান রেখে মোসা. সোনিয়া (২১) নামের এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার ( ২২ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া ওই গ্রামের বাহাদুর মুন্সির স্ত্রী ও এক মাস বয়সী পুত্রসন্তানের মা।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানায়, গত ৩ বছর আগে পারিবারিকভাবে বাহাদুরের সাথে সোনিয়ার বিয়ে হয়। বাহাদুর ঢাকায় কাজ করে। বাহাদুরের বড়ভাই বিদেশ যাওয়ার জন্য তার কাছে কিছু টাকা ধার চায়।
কিন্তু বাহাদুরের স্ত্রী সোনিয়া টাকা দিতে নিষেধ করে। এ নিয়ে ঘটনার দিন বিকেলে স্বামীর সাথে মুঠোফোনে তার ( সোনিয়া) কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় বাড়ির এক চাচি-শাশুড়ি তার ঘরে গেলে তাকে বারান্দায় রুয়ার (আড়া) সাথে ওড়না পেচানো অবস্থায় সোনিয়াকে ঝুলতে দেখে চিৎকার দেয়।
পরে স্থানীয়রা এসে ওড়না কেটে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.