হোম » সারাদেশ » ক্রীড়া অনুষ্ঠান ঘিরে আলফাডাঙ্গার কাঞ্চন একাডেমীর বর্ণিল আয়োজন

ক্রীড়া অনুষ্ঠান ঘিরে আলফাডাঙ্গার কাঞ্চন একাডেমীর বর্ণিল আয়োজন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ জাতি গঠনে শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যে জ্ঞান অর্জনের জায়গাটিতে শিশুকাল থেকেই ছেলেমেয়েদের পদচারণা ঘটাতে হবে। খেলাধুলা যেমন আনন্দ দেয় তেমনি ঐক্যের বার্তাও দেয়। তাই শিক্ষার্থীদের মানবিক বিকাশে এর কোনো বিকল্প নেই।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কামারগ্রাম কাঞ্চন একাডেমীর দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কাঞ্চন একাডেমীর খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে প্যারেড পরিবেশনের মাধ্যমে অতিথিদের সালাম নিবেদন করা হয়। উদ্বোধক মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ‘ঢাকা টাইমস’ ও ‘সাপ্তাহিক এই সময়’ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান দোলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। প্রধান বক্তা ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আশরাফুল আলম খান।
উল্লেখ্য, আলফাডাঙ্গার কামারগ্রামে ১৯৩৭ সালে কাঞ্চন একাডেমী প্রতিষ্ঠা করেন প্রয়াত কাঞ্চন মুন্সী। তাঁর হাতে আলফাডাঙ্গায় প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠা ছাড়াও ওই অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দাতব্য চিকিৎসালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও প্রতিষ্ঠান করে গেছেন তিনি। প্রপিতামহ কাঞ্চন মুন্সীর ধারাবাহিকতায় আরিফুর রহমান দোলনও এই অঞ্চলে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে নিরলস অবদান রেখে চলেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!