প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
সফলতা ধরে রেখেছেন যমজ দুবোন এইচএসসিতে পেলেন গোল্ডেন ‘এ’ প্লাস

রায়হান আলী: এক সঙ্গে পৃথিবীতে এসেছে যমজ দুই বোন। পরিবারে বেড়ে উঠেছে একই সঙ্গে। পড়ালেখা করছে সমান তালে। এরা হলো আয়শা আক্তার জেরিন ও কানিজ ফাতেমা জেরিফা।
এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এই দুই বোন সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও এই দুই বোন উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে একই সঙ্গে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল।
উপজেলার আমডাঙ্গা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কায়ুম হোসেন জুয়েল ও রুমা পারভীন দম্পতির মেয়ে এরা। মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে তারা উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে থাকেন। যমজ দু'জনে একসঙ্গেই একই দিনে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। এরপর থেকেই তাদের পড়ালেখার যাত্রা শুরু।
এই দুই বোনের কৃতিতের পেছনে তাদের বাবা ও মায়ের অবদান থাকলেও মায়ের অবদানই বেশি। এবারের এইচএসসি পরীক্ষার এই সুন্দর ফলাফলে এদের এলাকাবাসী যেমন খুশি হয়েছেন পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন বিজ্ঞান কলেজের শিক্ষকবৃন্দও।
জেরিন ও জেরিফার বাবা কায়ুম হোসেন জুয়েল জানান, মেয়ে দুটি তার জন্মের পর থেকে পরিবার ও লেখাপাড়ার সকল কর্মকান্ড একই সঙ্গে করে থাকে। এদের চিন্তা চেতনা, প্রত্যাশা ও জীবনের উদ্দেশ্যও এক। তিনি ব্যবসার কাজে বেশি সময় ব্যস্ত থাকেন। মেয়েদের দিকে খুব বেশি নজর দিতে পারেন না। বস্তুতঃ এই দু’জনের লেখাপড়ার পিছনে সকল কৃতিতের দাবিদার ওদের মা রুমা পারভীন।
কৃতি শিক্ষার্থী জেরিন ও জেরিফা বর্তমানে রাজশাহীতে মেডিকেল কোচিং করছে। মুঠোফোনে তারা জানায়, দু’জনেরই ইচ্ছে ডাক্তার হয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবেন এক সঙ্গে। এরা সবার কাছে তাদের ইচ্ছে পূরণের জন্য দোয়া চেয়েছেন।
এ ব্যাপারে বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জনান, দুই বোনের অদ্ভুত রকমের মিল। কথা বার্তা, চাল চলন, ক্লাসে বসা, প্রশ্নের উত্তর প্রদান সবই একই রকম। ওরা আমাদের কলেজের গর্ব। আমরা সবাই ওদের সুন্দর ফলাফলের জন্য খুশি। দুই বোনের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষকদের অনেক দোয়া রয়েছে।
এ বিষয়ে জেরিন ও জেরিফার নিকট প্রতিবেশী উল্লাপাড়ার খ্যতিমান চিকিৎসক ও লেখক সুকুমার সুর রায় জানান, চোখের সামনে ওরা বড় হয়েছে। ওদের স্বভাব চরিত্র, আচার আচারণ, সৌজন্য বোধ অনুকরণীয়। ওদের ভালো ফলাফলে এলাকাবাসী আনন্দিত। আমরা ওদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.