
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাট সদর উপজেলার মহুরুল দাখিল মাদ্রাসার উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বেলা ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
উপাধ্যক্ষ আমানুল্লাহ দেওয়ান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান খান, সহকারী সুপার মোকাররম হোসেন, স্থানীয় ইউপি সদস্য গণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞান চর্চার পাশাপাশি আরবি ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এবং আরবি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করতে হবে।
তিনি দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করার পরামর্শও দেন শিক্ষার্থীদের। মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে ও প্রশাসনের সর্বোচ্চ পদে চাকরি পাওয়া যায় সেই প্রমাণ রেখেছেন এই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রথম থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।