
আওয়াজ অনলাইন: বাংলাদেশ এখন দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে শাক-সবজি রপ্তানি করছে। পদ্মা সেতুর সুফল পাচ্ছে দেশ ও দেশের মানুষ। শরীয়তপুর জেলার জাজিরার সবজি এখন বিদেশে রপ্তানি হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র এসব বৈদেশিক অর্থ জাতীয় অর্থায়নে বড় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বাণিজ্য মন্ত্রণালয়ের।
বিধি অনুযায়ী রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বুধবার আকাশ পথে পাড়ি জমাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে।
যে সকল কৃষি পণ্য রপ্তানি হবে তা বাংলাদেশের বাজার থেকে ২০ শতাংশ বেশি মূল্য পাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জামাল হোসেন বলেন, গত ২৭ ডিসেম্বর জাজিরার মিরাশার চাষিবাজারে নিরাপদ সবজি ও ফল রপ্তানিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল লাউ, কাঁচা মরিচ ও কচুর একটি চালান সুইজারল্যান্ডে পাঠানোর আগ্রহ প্রকাশ করলে ৬৫ কেজি কাঁচা মরিচ, ৬৫টি কচু ও ২০টি লাউয়ের মান যাচাই করে সুইজারল্যান্ডে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে কৃষি বিভাগের নিয়ম অনুযায়ী সবজিসমূহের মান যাচাই করে প্রথম চালান ঢাকার সেন্ট্রাল প্যাকেজিং পরীক্ষাগারে পাঠানো হয়। কোন ব্যত্যয় না ঘটলে আগামীতে জাজিরার সবজি ইউরোপের বাজারে আস্থা অর্জন করবে, আশা করছেন এই কর্মকর্তা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার ৬ উপজেলায় ৫ হাজার ৩৩০ হেক্টরে ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, শসা, কাঁচা মরিচ, আলু, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, কচু, শিম, টমেটোসহ বিভিন্ন সবজি ও আম, মাল্টা, ড্রাগন এবং পেয়ারসহ ১ হাজার ৮৬৩ হেক্টরে বিভিন্ন জাতের ফল আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবিআহ নুর আহমেদ বলেন, কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে বর্তমান কৃষি বান্ধব সরকারের আন্তরিকাতায় আজ কৃষি বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া গতিশীল। তারই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ হলো শরীয়তপুরের সবজি রপ্তানি প্রক্রিয়া।
পদ্মাসেতু উদ্ভোধনের মাত্র কয়েক মাসে বিভিন্ন খাত থেকে সফলতা শোনা যাচ্ছে তা সত্যিই গর্বের। পদ্মাসেতুর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমান্ঞ্চলের ২১ টি জেলার কাঁচামাল, শাক-সবজি ও অন্যান্য কৃষি পণ্য খুব দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহন করা সম্ভব হচ্ছে। এতে করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হচ্ছে।
সূত্রঃ একুশে টেলিভিশন

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক