
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ষোল কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা। গতকাল সোমবার ভোর রাত ৩টায় জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় জব্দকৃত এই তালিকায় ছিল ৭ হাজার ৬৯৪ পিছ শাড়ি, ৬২৭ পিছ থ্রি-পিস ও ৪০ পিছ লেহেঙ্গা।
এ সময় এ মালামাল বহনকারী দুটি কাভার্ড ভ্যান জব্দসহ আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। আনোয়ার কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এলাহাবাদ এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার পাঁচশত টাকার মতো।
কোস্টগার্ড জানায়, রোববার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড এর ঢাকা জোনের বিসিজি স্টেশন পাগলার কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকীনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী সন্দেহজনক ২টি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দিলে তারা দ্রæত সামনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ধাওয়া করে সাইনবোর্ড এলাকায় তাদের গাড়িগুলোর পথ রোধ করে তল্লাশী চালিয়ে এই অবৈধ মালামালগুলো পাওয়া যায়। তারা এই মালামালের সঠিক কোন কাগজপত্র দেখাতে পারেনি। এই ঘটনায় গাড়ি দুটি জব্দসহ আনোয়ার নামে একজনকে আটক করে আটককৃত মালামালসহ জব্দকৃত গাড়ি ও আটককৃত ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।