প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২, ৭:০১ অপরাহ্ণ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে চুরি করতে গিয়ে প্রাণ গেলো চোরের!!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় নির্মাণাধীন ভবনে চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে রাশেদুল ইসলাম রয়েল নামের এক চোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম রয়েল ওই এলাকায় মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় নিহত রাশেদুলের সহযোগী লাল মিয়াকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। আহত লাল সদর উপজেলার হাজরাদিঘী গ্রামের মোকবুল মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই রহিম উদ্দীন।
তিনি জানান, শিকারপুর এলাকায় হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবনের চারতলায় কিছু লোহার যন্ত্রাংশ ও রড রাখা আছে। শুক্রবার রাত ৯টার দিকে রাশেদুল ও লাল মিয়া চারতলায় উঠে। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল চারতলার ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়। এসময় আহত লাল মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত লাল মিয়া জানিয়েছে, তারা লোহার যন্ত্রাংশ ও রড চুরির উদ্দেশ্য ওই ভবনে প্রবেশ করেছিলেন।
তিনি আরও জানান, নিহত রাশেদুলের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.