
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশি দূতাবাসগুলোর যেভাবে প্রবাসী শ্রমিকদের সাহায্য- সহযোগিতায় এগিয়ে আসা উচিত বাস্তবে তা হচ্ছে না বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেছেন, রেমিট্যান্স যোদ্ধাদের ত্যাগের মূল্যায়নের মাধ্যমে তাদের উপযুক্ত সম্মান ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার কর্তৃক যে সমস্ত সুযোগ-সুবিধা তাদের দেয়া হয় অনেকে তা জানেই না। আমলাতান্ত্রিক বেড়াজাল ডিঙ্গিয়ে সেগুলো তাদের জন্য আরও সহজ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, কারো প্রতি অবিচার করে উন্নয়ন করা যাবে না। ব্যাংকিং সিস্টেম আরও আন্তরিক করে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকদের উৎসাহীত করতে হবে। ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকরা কম উৎসাহিত হয়। অন্যদিকে হুন্ডি ব্যবসায়ীরা তাদের বুকে টেনে নেয়।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, শুধু সরকারি কর্মকর্তা, ভিআইপি, সিআইপিদের জন্যই নয়, রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও সরকারিভাবে প্লট বরাদ্দ রাখা উচিত। প্রবাসী কর্মীদের জন্য আইনের সংখ্যা কমাতে হবে এবং আইন আরও সহজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অব্যবস্থাপনার কারণে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে কিছুটা অনাগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া হুন্ডিতে ডলার প্রতি ২/৩ টাকা বেশি পাচ্ছেন। একই সঙ্গে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ঘেরে পৌঁছে যাচ্ছে। থাকছে না শুক্র-শনিবারের কোনো বাধা।
তিনি বলেন, হুন্ডির সঙ্গে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে সমতা আনতে বর্তমানে প্রদত্ত দুই দশমিক পাঁচ শতাংশ ইনসেন্টিভ বাড়িয়ে চার শতাংশ করা যেতে পারে। এছাড়া প্রতিবছর সিআইপিদের প্রদত্ত সম্মাননার পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী কর্মীর প্রেরিত অর্থের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা নির্বাচন করে তাদের সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
এসময় তিনি প্রবাসী আয় বৃদ্ধিসহ বিদেশে অবস্থানরত কর্মীদের প্রতি মর্যাদা বৃদ্ধির লক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আট দফা সুপারিশ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমাদের অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় রেমিট্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্রঃ একাত্তর

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক