প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২২, ৫:৫৯ পি.এম
জয়পুরহাটে নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে ১ জন আটক

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নকল স্বর্ণের বৌদ্ধ মূর্তি বিক্রির অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা আলম মিয়া ওরফে আলমগীরকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। মামলা দায়েরের পর রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে কালাই উপজেলার মালটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলম মিয়া একই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানা জানান, প্রতারণার শিকার বিপ্লব দাস নামে এক ব্যক্তির সঙ্গে কালাইয়ের নুনুজ বাজারে পরিচয় হয় আলম মিয়ার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন আলম বিপ্লবকে ফোন করে জানায় তার এক আত্মীয় পুকুর খনন করতে গিয়ে একটি স্বর্ণের বৌদ্ধ মূর্তি পেয়েছে। মূর্তিটির দাম প্রায় ১০ লাখ টাকা। সেটি ভুক্তভোগির কাছে তিনি অল্পমূল্যে বিক্রি করতে চান।
এরপর বিপ্লব সরল মনে ৫০ হাজার টাকায় মূর্তিটি কিনে নেন। পরে তিনি মূর্তিটি স্বর্ণকারের দোকানে পরীক্ষা করতে নিয়ে যান। স্বর্ণকার তাকে জানায় এটি কোনো স্বর্ণের মূর্তি নয়। ঘটনার পর বিপ্লব প্রতারক আলমের কাছে মূর্তিটি ফেরত দিয়ে টাকা ফেরত চাইলে তাকে উল্টো হুমকি দেন আলম মিয়া। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী র্যাবের কাছে অভিযোগ দেন। র্যাব অভিযুক্ত আলম মিয়াকে গ্রেপ্তার করে। এসময় প্রতারক চক্রের আরও কয়েকজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার কাজে ব্যবহৃত নকল মূর্তিটি জব্দ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.