প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২২, ৬:১২ পি.এম
বগুড়ার সারিয়াকান্দি যুবলীগ সদস্যের গুদাম থেকে সরকারি চাল উদ্ধার!!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে শাহাদৎ হোসেন নামে এক যুবলীগ সদস্যর গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এক হাজার ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার কালিতলা বাগবেড় এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত চলা এই আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী বিচারক। দণ্ডিত ব্যক্তি হলেন বাগবেড় এলাকার শাহিন আলম। তিনি শাহাদৎ হোসেনের ভাই।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহাদৎ হোসেন সারিয়াকান্দিতে চালের ব্যবসা করেন। এছাড়াও তিনি উপজেলা যুবলীগের সদস্য। শাহাদৎ নিজের বাসভবনের নিচতলায় চালের গুদামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি চাল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে গুদাম থেকে প্রতিটি ৩০ কেজির এক হাজার ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় গুদামে শাহাদৎ হোসেনের ভাই শাহীন আলম উপস্থিত ছিলেন। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চালের গুদাম সিলগালা করা হয়েছে।
নির্বাহী বিচারক জান্নাতুল নাঈম বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের। এ সময় অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আতিকুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.