প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২২, ৩:০৪ পি.এম
নওগাঁয় পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি: মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহষ্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম।
তবে বিএনপির নেতারা বলছেন, আগামী ৩ ডিসেম্বর তাদের বিভাগীয় গণসমাবেশকে বাধা দিতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে। আর বাস মালিক সমিতির নেতারা বলছেন, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোন সম্পৃক্ততা নেই।
শহরের বালুডাঙ্গা ব্যাসস্টান্ডে দাঁড়িয়ে যাত্রী শারমিন বেগম বলেন, জরুরি একটি কাজে সাড়ে ১০টার মদ্যে রাজশাহী যেতে হবে। প্রায় ৪০ মিনিট থেকে অপেক্ষা করেও কোনো যানবাহন পাচ্ছি না। কয়েক দিন পর পর পরিবহন শ্রমিক ও মালিকেরা ধর্মঘটের ডাক দেন। এতে অন্য কারও কিছু না হলেও যাত্রীদের হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হয়।
বাসস্ট্যান্ডে আসা আরও দুই যাত্রী আলাউদ্দিন আহমেদ ও কবির হোসেন বলেন, বাসস্ট্যান্ডে আসার আগে শুনেছি ধর্মঘট, কিন্তু চিন্তা করছিলাম বিকল্প কোনো বাহনে করে যাব। কিন্তু স্ট্যান্ডে এসে কোনো কিছুই পাচ্ছি না। এমন কী সিএনজিচালিত অটোরিকশাও দেখা যাচ্ছে না। আবার যেগুলো আছে বেশি ভাড়া চাচ্ছে।
বাস চলাচল বন্ধের ব্যাপারে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, এটা সারা দেশেই হচ্ছে। বিএনপির গণসমাবেশ দুই-একদিন আগে থেকেই এই ধর্মঘটের ডাক দিচ্ছেন।আমাদের এখানেও হবে জেনেই আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে কেউ কোনভাবেই আটকে রাখতে পারবে না। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা রাজশাহী যেতে শুরু করেছে। সমাবেশ সফল করতে যেকোনভাবে আমরা নেতাকর্মীরা রাজশাহী যাব।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ বেশকিছু আমাদের দাবি সরকারের কাছে ছিল। এই দাবির কারণেই রাজশাহী বিভাগের ৮টি জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গত ২৬ তারিখে মটর মালিক শ্রমিক সবাই মিলে নাটোরে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত বা আশ্বাস না পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
তবে বিএনপির সম্মেলনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, আমরা গত দুই মাস আগে থেকে এসব বিষয় নিয়ে মিটিং করা হচ্ছিল। গত ২৬ তারিখে নাটোরে একটি মিটিং এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে নওগাঁর একক কোন বিষয় না। পুরো রাজশাহী বিভাগের বিষয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.