
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাড়ির সামনে খালের পানিতে ডুবে রঞ্জিতা রানী (৪৯) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের নাটুয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বড় মেয়ে শ্রীমতী মিতু রানী জানায়,দীর্ঘদিন ধরে আমার মা মৃগীরোগে ভুগছিল। ঘটনার দিন সকালে খালের ঘাটে থালাবাসন ধোয়ার জন্য যায়। তার আসতে দেরি দেখে আমি খালের ঘাটে যাই এবং মাকে পানিতে ভাসতে দেখি। এ সময় আমি ডাক-চিৎকার দিলে বাড়ির লোকেরা এসে মাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মানিদ্র চন্দ্র হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন,মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।