
রায়হান আলীঃ রাতের আঁধারে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন কাজ বন্ধ করলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন। শনিবার রাতে উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ পুকুর খনন বন্ধ করা হয়। সলংগা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানকালে পুকুর খননকাজে ব্যবহৃত ৪টি এক্সকেভেটরের ব্যাটারি জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে অবৈধ পুকুর খননকারীরা দ্রুত পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়নে অনেক জমির মালিক সরকারি অনুমতি না নিয়ে তাদের ইচ্ছেমতো নিজেদের জমিতে রাতের আঁধারে পুকুর খনন শুরু করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে স্থানীয় লোকজন অভিযোগ করার পর প্রশাসন থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচরা, দক্ষিণ পুস্তিগাছা, জালসুকা এবং বাঙ্গালা ইউনিয়নের চেয়টিয়া গ্রামের মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি পুকুর খনন বন্ধ করা হয়েছে। এসময় খনন যন্ত্রের ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।