
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: গত ২৪ অক্টোবর মির্জাগঞ্জ উপজেলায় বয়ে যাওয়া ঘুর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের টিনসেট একাডেমিক ভবন বিধ্বস্ত হয়েছে। কলেজের টিনসেট একাডেমিক ভবনটি বিধ্বস্ত হওয়ায় ব্যহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। জানা-যায়,২০০২ সালে প্রতিষ্ঠিত সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজ। কলেজটিতে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা,মানবিক ও ব্যবসায় ব্যবস্থাপনা শাখা,ডিগ্রি পর্যায়ে বিএ,বিএসএস,বিবিএস ও বিএসসি এবং অনার্স পর্যায়ে বাংলা,হিসাববিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম কোর্সগুলো চলমান রয়েছে। সব মিলিয়ে প্রায় ৮০০ ( আট শতাধিক) ছাত্রী এই কলেজে লেখাপড়া করতেছেন। কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে টিনসেট ভবনে একাডেমিক কার্যক্রম চলে আসছে।
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘুর্ণিঝড় সিডরে সম্পুর্ন প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হওয়ায় ততকালীন সময় একটি সাইক্লোন সেল্টার নির্মিত হয়। দুটি টিনসেট ভবন এবং সাইক্লোন সেল্টার এর মাধ্যমে কোনরকম একাডেমিক কার্যক্রম চালিয়ে আসছে। গত (২৪ অক্টোবর) উপজেলায় বয়ে যাওয়া ঘুর্ণিঝড় সিত্রাং'য়ে কলেজের টিনসেট (১৫০ ফুট দৈর্ঘ্যের) একাডেমিক ভবনটি সম্পুর্ন বিধ্বস্ত হয়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলেজের টিনসেট একাডেমিক ভবনটি সম্পুর্ন বিধ্বস্ত হওয়ায় কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পরেছে। ওই কলেজে বরিশাল বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ভেন্যু কেন্দ্র,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস পরীক্ষা কেন্দ্র,অনার্স পরীক্ষা কেন্দ্র,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ এবং বিএসএস পরীক্ষা কেন্দ্র বর্তমান রয়েছে। কলেজটি ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার ফলে এসমস্ত পরীক্ষা কার্যক্রম চালাতে দুরূহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষ,বহুতল বিশিষ্ট পাকা ভবন বরাদ্দসহ ঘুর্ণিঝড় সিত্রাং'য়ে বিধ্বস্ত টিনসেট একাডেমিক ভবনটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছে।
অত্র কলেজের অধ্যক্ষ ড.মো.আবদুর রহমান জানান,'দ্রুত সময়ের মধ্যে যদি কলেজের ভবন নির্মাণ না করা হয়,তবে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করিতে প্রায় অসম্ভব হয়ে পড়বে। একটি মাত্র ভবনে এখন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।' উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল কবির বলেন,'সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের টিনসেট একটি ভবন ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে বলে কলেজের অধ্যক্ষ লিখিতভাবে জানিয়েছে। বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।'