হোম » সারাদেশ » বগুড়ায় স্কুলের জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ! বাঁধায় কাজ বন্ধ!

বগুড়ায় স্কুলের জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ! বাঁধায় কাজ বন্ধ!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের চেলোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বিল্ডিং করতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পংকজ দাস সহ  এলাকাবাসীদের অভিযোগের কারণে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এসিল্যান্ড নাসিম রেজা। আজ ২৪ অক্টোবর ২০২২ সকালে বিদ্যালয়ের পাশের জমির মালিক শহিদুল কবির ডিউক তার জমিতে বিল্ডিং নির্মান কাজ শুরু করেন। সনাতন ধর্মাবলম্বীদের কালিপূজার ছুটি থাকায় তিনি (ডিউক) রাতের আধারেই বিল্ডিং এর পিলার নির্মানের জন্য মেশিন দিয়ে মাটি তুলে কাজ শুরু করেন।
সরজমিনে দেখা গেছে তিনি বিদ্যাালয়ের মাঠের  ভিতরের বেশ কিছু জায়গা নিয়ে গর্তের সৃষ্টি করেন। সকালে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর নজরে আসলে তারা নড়েচড়ে বসেন। তারা তাৎক্ষনিক প্রতিবাদ করেন কেন তাদের জায়গা দখল করে বিল্ডিং এর পিলার নির্মান করা হচ্ছে। তখন তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড,  নারুলী পুলিশ ফাঁড়ি,সদর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে এসিল্যান্ড ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে ইঞ্জিনিয়ার মাহাতাব, খোকন হাজি নামে দুজনকে আটক করে নিয়ে যান এবং কাজ বন্ধের নির্দেশ দেন। এসিল্যান্ড ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জমির মালিক অবৈধ ভাবে বিদ্যালয়ের জায়গায় মাটি খুঁড়ে বিল্ডিং নির্মান করতে গেলে আমি ঘটনা স্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে দুজনকে আটক করে নিয়ে আসি।
পরবর্তীতে  তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলায়ে এনে বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে শালিসী বৈঠকে বিদ্যালয়ের জায়গা হতে পৌরসভার নিয়ম অনুযায়ী  তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে স্থাপনা নির্মান ও বিদ্যালয়ের জায়গায় কোন নির্মান সামগ্রী রাখা যাবেনা শর্তে আটক দুজনকে ছেড়ে দেয়া হয়। এবিষয়ে এলাকার কাউন্সিলর পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  বিষয়টি আমি শুনেছি। সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  এবিষয়ে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি পংকজ দাস বলেন,তারা রাতের আধারে আমাদেরকে না জানিয়ে কাজ শুরু করেছে।
আমরা জানলে একাজ করতে দিতাম না। বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের প্রাণ। এমাঠের এক ইঞ্চি জায়গা আমরা বেদখল হতে দিতে পারিনা। তাই আমরা তাৎক্ষনিক প্রতিবাদ করে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আমরা তাদেরকে ধন্যবাদ জানায়। এবিষয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম রঞ্জু বলেন,বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে বিল্ডিং নির্মান গুরুতর অপরাধ।আমরা এলাকাবাসী কিছুতেই এই অন্যায় মেনে নিতে পারিনা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!