প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২২, ১০:২৩ এ.এম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২০ অক্টোবর রাত ১২টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের বারঢালীর ইট ভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার বরুনাগাঁও এলাকার উসমান আলীর ছেলে সহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ পায়েল (২৩) তারা তুলা ব্যবসায়ী বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন সহিদুল ও পায়েল। পথে কালমেঘ বারঢালি এলাকায় বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয়রা ধারণা করছেন বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহিদুল ও পায়েল।
অপর দিক থেকে একটি বাঁশভর্তি নছিমনে সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। তারা আরো জানান রাতে বিকট শব্দ শুনে বাজার থেকে কিছু দুরেই গিয়ে দেখা যায় দুজন মানুষ পরে আছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মহাসড়কে পরে আছে। রক্তে ভিজে গেছে মহাসড়ক।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের লিডার প্রদীপ চন্দ্র সরকার জানান, মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটো মরদেহ উদ্ধার করা হয়। তাদের নিকট থাকা মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের নিকট মরদেহগুলো হস্তান্তর করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.