হোম » সারাদেশ » সিরাজগঞ্জে যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনায় ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার

সিরাজগঞ্জে যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনায় ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জে যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লন্ঠিত মোবাইল ফোন ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১৯ অক্টোবর) বেলা বারটার দিকে পুলিশ সুপার কার্যাকলয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ডাকাত সর্দার আলমগীর শেখ, একই উপজেলার শরিফ মোল্লা, শিবালয় উপজেলার সাইফুল ইসলাম ও জাহিদ মোল্লা, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাদেক মাতব্বর ও সাভার উপজেলার রাজিব হোসেন।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, গত ৩০ জুলাই ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাসে বাইপাইল থেকে যাত্রীবেশে উঠে পড়েন গ্রেফতারকৃত ছয় ডাকাত। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে চালককে চুড়িকাঘাত করে বাসটি নিয়ন্ত্রনে নেয় ডাকাতেরা। এসময় যাত্রীদের জিম্মি করে তাদের নিকট থেকে ২ লক্ষ ১৫ হাজার টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
পরে বাসটি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ঢাকা-বগুড়া মহাসড়কের পরিবর্তে ঢাকা-পাবনা মহাসড়কের দিকে রওনা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলগেট এলাকায় পৌছে বাসটি ফেলে পালিয়ে যায় ডাকাতেরা।
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় উল্লাপাড়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা শাখা ও উল্লাপাড়া থানা পুলিশের যৌথ টিম অভিযানে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ, ফরিদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত আন্ত:জেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!