প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২২, ৬:০৩ পি.এম
হাতীবান্ধায় সীমান্ত থেকে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ। জানাগেছে, বুধবার বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের মেইন পিলার ৯০৮ এর ৫ নম্বর সাব-পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গফুরের বাদাম ক্ষেতের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, স্থানীয়রা বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে কাদাযুক্ত সাদা রঙের একটি জার্কিন সদৃশ বস্তু দেখতে পায়। এসময় আতঙ্কে কেউ পাশে যায়নি।
পরে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়। তারা এসে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত বলে ধারণা করা হচ্ছে। এটি নিস্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.