প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২২, ৯:০৭ পি.এম
শিক্ষার্থীদের কেন্দ্র করেই আমাদের চিন্তা-ভাবনা: কুবি পরিবহন প্রশাসক

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে তাদের সুবিধা অনুযায়ী বাস সিডিউল দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। গত ২৩শে আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ক্লাস টাইম পরিবর্তন করে। এতে বাস সিডিউল পূর্বের থেকে এক ঘন্টা এগিয়ে আনা হয়। তবে এতে শিক্ষার্থীরা আপত্তি জানালে প্রশাসন পূর্বের ন্যায় বাস সিডিউল রাখে, অর্থাৎ শহর থেকে ক্যাম্পাস অভিমুখে সন্ধ্যা সাড়ে ৭টায় দুইটি বাস, ৮টায় দুইটি বাস ও সাড়ে ৮টায় একটি বাস। কিন্তু পূর্বের বাস সিডিউলে অধিকাংশ শিক্ষার্থী ভোগান্তির শিকার হওয়াতে ও তাদের দাবি এবং মতামতের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন বাস সিডিউল দিয়েছে। নুতন বাস সিডিউলে শহর থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাস অভিমুখে দুইটি, সাড়ে ৭টায় দুইটি ও সাড়ে ৮টায় একটি বাস আসবে এবং সাড়ে ৭টায় ক্যাম্পাস থেকে শহরে যাবে একটি বাস।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলা বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া ঐশী বলেন, যারা একটি টিউশন বা কোনো কাজে শহরে যেত তাদেরকে বাসের জন্য অনেক সময় অপেক্ষা করে থাকতে হতো। এতে অনেক সময় নষ্ট হতো। এর ফলে পড়াশোনার ক্ষতি হয়ে যায়। নতুন বাস সিডিউল দেওয়াতে আর বাসের জন্য বসে থাকতে হবে না। তাড়াতাড়ি ক্যাম্পাসে ফেরা সম্ভব হবে।
বাস সিডিউল পরিবর্তনে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ শাহীন মিয়া বলেন, হ্যা। কারণ, এইটাতো শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করেই করে হয়েছে। তাই আশাকরি শিক্ষার্থীদের সুবিধা হবে।
বাস সিডিউল পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে পরিবহন প্রশাসক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, আমরা শিক্ষার্থীদের একটা মতামত নিয়েছিলাম। সেই মতামতের প্রেক্ষিতেই এটা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা নিয়ে আমাদের ভাবনা। শিক্ষার্থীদের কেন্দ্র করেই আমাদের চিন্তা-ভাবনা। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা কে অধিক গুরুত্ব দিবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.