প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২২, ৬:২৮ পি.এম
উল্লাপাড়ার ১০ দিন পর অপহৃত হযরত আলী উদ্ধার অপহরণকারী গ্রেপ্তার

রায়হান আলীঃ স্কুল ছাত্র হযরত আলীকে ১০ দিন পর উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। একই সঙ্গে পুলিশ অপহরণকারী খোকন আলীকে (৩০) গ্রেপ্তার করেছে। উল্লাপাড়া পুলিশ সাভার থানা পুলিশের সহযোগিতায় সাভার এলাকা থেকে খোকন আলীকে গ্রেপ্তার করে। হযরতকে বাঁচিয়ে রাখার জন্য অপহরণকারীকে মুক্তিপনের টাকা প্রদান করে তার পরিবার। গত ৪ সেপ্টেম্বর হযরতকে তার বাড়ির পাশের রাস্তা থেকে অপহরণ করা হয়। হযরত আলী উল্লাপাড়ার শ্যামলীপাড়ার অটো ভ্যান চালক বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম অপহৃত শিশুর বাবা বেলাল হোসেনের উদ্ধৃতি দিয়ে জানান, খোকন শ্যামলীপাড়ায় হযরতের বাসার পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকত। উপজেলার ধরইল গ্রামের সোবাহান আলীর ছেলে। পাশাপাশি বসবাসের সুবাদে হযরতের সঙ্গে খোকনের চেনা জানা হয়। ঘটনার দিন বিকেলে খোকন হযরতকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে ৩দিন তাঁর কোন খোঁজ পায়নি বাবা-মা। পরে একটি মোবাইল ফোনে অপহরণকারী হযরত আলীর বাবার কাছে মুক্তিপণ হিসেবে ১৫ হাজার টাকা দাবি করে। ছেলের প্রাণ বাঁচাতে বাবা তিন দফায় ৬ হাজার টাকা পাঠায় এবং বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাভার থানা এলাকা থেকে অপহরণ কারী খোকনসহ হযরতকে উদ্ধার করে নিয়ে আসে। উল্লাপাড়া থানায় খোকন আলীর বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে বলে জানান ওসি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.