
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট যমুনা নদীতে অভিযান চালিয়ে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যক্তিকে ১৫ দিনের জেল দিয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি বাল্কহেড ও চারটি শ্যালো মেশিন জব্দ করেন ভ্রাম্যমান আদাল। সোমবার (১২ই সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় ধুনট উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো সারিয়াকান্দি উপজেলার চর মাঝিড়া গ্রামের আকবর ব্যাপারীর ছেলে ফজলুল বারী (৩৫), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের ওসমান মন্ডলের ছেলে সুমন মিয়া (৩২), আব্দুর রশিদের ছেলে বুলবুল সেখ (২৫), আনছার আলীর ছেলে সোহাগ মন্ডল (১৯) ও ভাঙ্গারছেউ গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৫)।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের যমুনা নদীর বৈশাখী চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে খননযন্ত্র দিয়ে অবৈভভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে চর এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে চরবাসরি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। এর প্রতিকার চেয়ে গত (৪ই সেপ্টেম্বর) এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ জনতার পক্ষে বৈশাখী গ্রামের হারুন অর রশিদ উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে যমুনা নদীতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। সেখানে বালু উত্তোলনকালে খননযন্ত্রসহ ৫ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে কারাদন্ডের আদেশ দেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজ্জাকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা হাজতে পূরণ করা হয়েছে।