
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। আটকরা হলো, কুড়িগ্রাম জেলার পুর্বফুলমতি গ্রামের মৃত আ: সামাদের ছেলে আজগার আলী (৩৫) একই জেলার নতুন রেলওয়ে স্টেশন এলাকার আবুল কাশেমের মেয়ে
মোছা: কলি আক্তার (২২), সিরাজগঞ্জের তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ এলাকার মোফাজ্জলের ছেলে আঃ মজিদ (৩৯), তাজুল ইসলামের ছেলে এনামুল হক (২৩)।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)’র হেডকোয়ার্টারের মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভুইয়াগাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।