
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ৫০ কেজি গাঁজাসহ ২২ বছর বয়সী আল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২০ জুলাই) রাত্রি অনুমান সাড়ে ৯ টার সময় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন কুমিল্লা জেলার কতোয়ালি উপজেলার বাটকাশহরের মৃত আব্দুল লতিফের ছেলে।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। এরপরেই ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
একপর্যায় (ঢাকা মেট্রো-খ-১১-৮৭৬০) প্রাইভেট কারে ২৫ টি ব্যাগ থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এসময় গাড়ির থাকা একমাত্র ব্যক্তি আল আমিনকে গ্রেপ্তার করা হয়৷ র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান বলেন, আল আমিনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরর জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।