প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ১১:০৫ এ.এম
শিক্ষকের প্রতি অনন্য সন্মান দেখালেন হাবিবে মিল্লাত এমপি

মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধি: একজন ছাত্রের কাছে শিক্ষক যে সবসময়ই সর্বোচ্চ সন্মান ও মর্যাদার সেটি আবারও প্রমাণ করলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। গতকাল রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের শামসুদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হিমেল নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার উচ্চমাধ্যমিক জীবনের শিক্ষক সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় প্রথমেই তার এই শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তার প্রতি স্নেহের ছায়া কেমন ছিল সেটি স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে এমপি মহোদয় যেটি করলেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই এমনকি হামিদ স্যার নিজেও। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় তিনি দেখলেন স্যার তাকে এগিয়ে দিতে ধীর পায়ে পেছন পেছন আসছেন। সাথে সাথেই এমপি তার প্রোটোকল ভেঙে আবারো মঞ্চে উঠে তার এই শিক্ষককে হাত ধরে মঞ্চ থেকে নামালেন এবং তার কাছ থেকে সবিনয়ে বিদায় নিলেন।
উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় এই মুহূর্তটি। স্মরণ হয় কবি কাজী কাদের নেওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা কবিতার দুটি চরণ ''আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।'' ছাত্র যত বড়ই হোক এবং যত বড় পদেই আসীন হোক শিক্ষকের কাছে সে ছাত্রই থাকে সেটি আবারো প্রমাণ হল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.