
এস আর নিরব যশোরঃ যশোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আটজনসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন, কাজীপাড়ার মৃত আব্দুল কাদের চাকলাদারের ছেলে তৌহিদ চাকলাদার ফন্টু, লোন অফিসপাড়ার মৃত ফারাজী শাহাদত হোসেনের ছেলে আশিকুল ইসলাম বাধন, কাজী পাড়া তেতুলতলার সিরাজুল ইসলামের ছেলে রওশন ইকবাল শাহী, কাঠালতলার আমজাদ হোসেন পাকা মিয়ার ছেলে বাবুল, রেলগেট তেতুল তলা এলাকার মৃত ফকরে আলমের ছেলে ফাহমিদ হুদা বিজয়, কাঠালতলা বটতলা এলাকার তৌফিক সরকার তকুর ছেলে তাপস, কাজীপাড়া মানিক তলার মৃত আব্দুল করিমের ছেলে নুরনবী ও কাজীপাড়ার কুটি শেখের ছেলে মেহেদি হাসান রনি।
এদিকে, পুলিশ মঙ্গলবার দুপুর আড়াইটায় কাঠালতলা ব্রিজ এলাকা থেকে এ মামলার এজাহারভুক্ত তিন আসামি বাবুল, তাপস ও নূরনবীকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর একেএম শফিকুল আলম চৌধুরী। মামলায় বাদী উল্লেখ করেন, আসামিদের সাথে তার রাজনৈতিক ভাবে পূর্ব বিরোধ চলছিলো। এছাড়া আাসমিরা নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত। অপরাধ কর্মকান্ডের বিরোধিতা করায় তার উপর ক্ষিপ্ত হয় আসামিরা।
তার জেরে গত ২৭ জুন রাত আড়াইটায় আসামিরা দুইটি গাড়িতে তার বাড়ির সামনে আসে। বাড়ির সামনে এসে প্রথমে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় ফরিদ বাইরে বের হলে আসামিরা তাকে প্রকাশ্যেই তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। কিছু সময় পর ফের ওই দুইটি গাড়ি এসে একই ভাবে হুমকি দিয়ে যায়। এদিকে, আটকের পর তিন আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ। আসামির পক্ষে আদালতে জামিন আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তিনজনেরই জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মাহাবুব সরকার লাল্টু। তিনি দাবি করেন, তার মক্কেলদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। যা তিনি আদালতকে অবহিত করতে সক্ষম হয়েছেন। আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি আসামিদের নির্দোষ দাবি করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল