প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে “Mental Health Awareness and Suicide Prevention Campaign” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধু ও বহুজাতিক কোম্পানি দারাজের উদ্যোগে এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
২৭জুন ( সোমবার ) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইংরেজি বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ আনিসুর রহমান ও সাবিরা সুলতানা জলি’র সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অথিতি এবং স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুদজ্জামান এবং রাজন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের ছাত্র পরামর্শক, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
তরুণ শিক্ষার্থীদের নানান প্রশ্ন ও জিজ্ঞাসার মাধ্যমে কিভাবে আত্মহত্যা মোকাবিলা করতে হবে, কারও মধ্যে আত্মহত্যা লক্ষণ বুঝতে পারলে কিভাবে বন্ধুদের সাহায্য করতে পারবে তা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারটির স্পিকার রাজন দাস বলেন, আমরা জানি না কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয়? আসলে খারাপ লাগলে কেমন লাগে তা আমরা অনুভূতির মাধ্যমে বলতে পারি না? আমরা শুধু সেটাই বলি যেই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই।
তিনি আরও বলেন, আমরা কোনো সমস্যায় পড়লে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। শেয়ারিংয়ের মাধ্যমে মানসিক স্ট্রেস কমে যায়। আমরা নিজেদের মধ্যে যত বেশি শেয়ারিং করবো আমাদের মানসিক স্ট্রেস তত কম হবে। এতে আমরা মানসিক দিক থেকে ভালো থাকবো।
কেন্দ্রীয় ছাত্র পরামর্শক ড. মোঃ হাবিবুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, এখানে অর্জিত জ্ঞানটা আপনারা ( ছাত্র পরামর্শক ) নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন। আর এরকম সেমিনার প্রতিটি বিভাগেই আয়োজন করা হোক। এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনা বাড়াতে মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধু ও বহুজাতিক কোম্পানি দারাজ যৌথ ভাবে কাজ করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.