প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২২, ৫:০৬ অপরাহ্ণ
শরণখোলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় এক হিন্দু যুবক গ্রেপ্তার

মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় চন্দন হালদার (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭জুন) রাত ৮টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মন্তব্যকারী যুবক রাজাপুর গ্রামের অজিত হালদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার সরকারি এস এম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। উত্তেজনার খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক তারা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে লোকজনকে সরিয়ে দেন। ওই হিন্দু পরিবারের বাড়িঘরে পরবর্তী হামলার আশঙ্কায় যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।
সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে পিজেপি নেত্রী নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় শরণখোলার রাজাপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় সন্ধ্যার দিকে চন্দন হালদারকে তার বাড়ি থেকে ধরে রাজাপুর বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা। এসময় বাজার কমিটির ধানসাগর ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক মো. কবির তালুকদারসহ কয়েকজন মিলে ওই যুবককে তাদের কাছ থেকে ছিনিয়ে নিরাপদে নিয়ে যান। এর পর মাগরিবের নামাজ শেষে শত শত মানুষ জড়ো হয়ে রাজাপুর বাজারে বিক্ষোভ করে ওই যুবকের শাস্তি দাবি করা হয়। পরিস্থিতি সামলাতে ধানসাগর ইউনিয়ন সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, চন্দন হালদার নামে এক যুবক তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে আনার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে ওই যুবক রক্ষা পায়। পরে ওই যুবককে আটক এবং বাজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু পরিবারটির বাড়িঘরে হামলা এড়াতে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে চন্দনকে শনিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.