প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৪:০১ অপরাহ্ণ
বগুড়ায় গভীর রাতে গ্রামবাসীর পিটুনিতে পল্লী বিদ্যুৎ কর্মী নিহত !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে আব্দুল হান্নান (৩২) নামের পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এজিএমসহ আরও ৫ জন।শুক্রবার (১০ই জুন) গভীর রাতে উপজেলার ভায়েরপুকুর বন্দরে এঘটনা ঘটে। নিহত হান্নান শিবগঞ্জের পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
জানাগেছে, পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামানের নেতৃত্বে ৫ জন কর্মী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। সেখানে তারা রেজাউল নামের একজনের বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় গ্রামবাসী তাদেরকে ঘেরাও করে। একপর্যায় গ্রামবাসী তাদেরকে পিটুনি দিলে অফিস সহায়ক আব্দুল হান্নান ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজিত জনগণকে শান্ত করে আহত এজিএম রকিবুজ্জামান, লাইনম্যান পিন্টু প্রাং, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন ও আজিজুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, নিহত আব্দুল হান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.