
মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে আনু হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ থেকে বটতলী বাজার যাওয়ার ৩নং ওয়ার্ডের কাঁচা রাস্তায় এলজিএসপি’র নির্মাণাধীন ইউড্রেন হতে লাশটি উদ্ধার করা হয়। আনু হোসেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাধবপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। আনু হোসেনের ১১ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রয়েছে। সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রবিবার (৫ জুন) সকালে আনু হোসেনের মরদেহের ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, শনিবার রাত অনুমান সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে জৈনেক পথিক ইউড্রেনে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী লাশটি চিনতে পেরে স্বজন ও পুলিশকে খবর দেয়। স্থানীয়রা আরো বলেন, বটতলী বাজারে শাহিনুর নামে এক সার ব্যবসায়ীর হালখাতার দাওয়াত খেয়ে বাই সাইকেলে চড়ে বাড়ী যাচ্ছিল আনু হোসেন। কিন্তু বাড়ী পৌঁছার আগেই তার লাশ নির্মাণাধীন ইউড্রেনে পাওয়া যায়। সেখানে তার ব্যবহৃত বাই সাইকেল ও দাওয়াতে দেওয়া খাদ্যের প্যাকেট পড়ে ছিল।
ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ বলেন, রাস্তায় নির্মাণাধীন ইউড্রেনে দু’পাশের কোন সিগনাল না থাকায় রাতের অন্ধকারে সাইকেল যোগে যাওয়ার পথে অসাবধানতাবশত ইউড্রেনে পড়ে আহত হয়ে মারা যেতে পারে। হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য রবিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ