
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, “স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। বঙ্গবন্ধুর সেই দর্শনকে বাস্তবে রূপ দিচ্ছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী চিন্তার কারণে আজ আমরা আইসিটি শিক্ষায় দক্ষ তরুণ তরুণীদের নিয়ে কাজ করতে পারছি।”
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে স্থাপিত “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার” উদ্বোধন শেষে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে ২৩ বছর আগে তিনি ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব অনুধাবন করেছিলেন বলেই হাবিপ্রবিসহ একইসাথে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। গবেষণার দিক থেকে হাবিপ্রবি বেশ এগিয়ে যাচ্ছে, অনেক দক্ষ জনবল পাচ্ছি এখান থেকে। পাশাপাশি তিনি গবেষণা ক্ষেত্রে হাবিপ্রবিকে আরও বেশি সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী জানান, আমাদের বর্তমানে আইটি সেক্টর থেকে রপ্তানি আয় এক দশমিক চার বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে সেই আয় বৃদ্ধি করে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতায় ৪১ সাল নাগাদ একটি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
এসময় হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। ভবিষ্যতে গবেষণা ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় হাবিপ্রবিতে আরও বেশি বেশি সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ক্যাম্পাসে এসে হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে স্থাপিত বিশিষ্ট পরমাণু ও পদার্থবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারসহ অন্যান্যরা।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার