প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ
খুলনায় স্কুলছাত্র হত্যায় ১৭ কিশোরের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি: খুলনায় স্কুলছাত্র হত্যা মামলায় ১৭ কিশোরকে সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৩ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী রুবেল খান বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, মঞ্জুরুল ইসলাম (১৬), বিএম মাজিব হাসান রয়েল (১২), শাহারিয়ার জামান তুর্য্য (১৭), রিয়ান শেখ রেফাত (১২), ফাহিম ইসলাম মনি (১৪), সানি ইসলাম আপন (১৩), জিসান খান (১৫), তারিন হাসান রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুসার দাস (১৫), মো. হাকিম (১৭), সৈকত (১৬), শেখ সাকিব (১৭), আসিফ প্রান্ত আলিফ (১৫), শেখ তামিম (১৬), সাকরান সালেহ মিতুল (১২), মোস্তফিজুর রহমান নাঈম (১৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় কনসার্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন। কনসার্টে বসা নিয়ে এক কিশোরের সঙ্গে রাজিনের হাতাহাতি হয়। রাত ৯টার দিকে ওই কিশোররা রাজিনকে মঞ্চের পেছনে নিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে তারা তার হাত চেপে ধরে ও একজন রাজিনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২১ জানুয়ারি রাজিনের বাবা শেখ জাহাঙ্গীর আলম ছয়জনের নামে ও অজ্ঞাতপরিচয় ১০ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন। ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বেঞ্চ সহকারী রুবেল খান জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের বয়স ১৮ বছরের কম হওয়ায় সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.