হোম » সারাদেশ » বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মোঃ জাকির হোসেন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের শ্রমিকরা। বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে তারা এ আন্দোলন কর্মসূচী পালন করে। দুপুর ১২.৫০ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের আন্দোলন এখনো চলছে।

এর আগে শ্রমিকরা সকাল ৮ টার দিকে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করে। পরে তারা সকাল ১০ টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেয়। এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবি জানান। মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। মালিক কর্তৃপক্ষ আজ আমাদের বেতন বুঝিয়ে দেয়ার কথা বলেছিল কিন্তু আজ এসে দেখি তারা গার্মেন্টসে তালা মেরে পালিয়ে গেছে।

বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সে ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছে। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলে সে ফোনটি রিসিভ করেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দিবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা যেন কোনো প্রকার ভায়োলেন্স না করে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!