
খুলনা প্রতিনিধি: খুলনায় পাথর নিক্ষেপ করে ট্রেনের চালককে আহত করার ঘটনায় মোঃ শামীমুল হোসেন সিয়াম (১৪) ও সাজ্জাত শেখ (১৩) নামের দুই কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া দু’জন খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার আদর্শ নুরানীয়া হাফেজিয়া মাদ্রসার শিক্ষার্থী।
আটক শামীমুল হোসেন সিয়াম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মোঃ রাকিব হোসেনের ছেলে ও সাজ্জাত শেখ গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামের কাজল শেখের ছেলে। তারা দুইজন যোগীপোল আদর্শ নুরানীয়া হাজেজিয়া মাদ্রাসার হেফজ শাখার ছাত্র। তাদের বিরুদ্ধে খুলনা জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা জিআরপির পুলিশ সুপার রবিউল হাসান বেলা সাড়ে ১১টার তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, ট্রেন একটি নিরাপদ ভ্রমন ব্যবস্থা। যত্রীদের কাছে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য মূলত পাথর নিক্ষেপের ঘটনা ঘটানো হয়।
তিনি আরও বলেন, গত কয়েক মাস এ ধরণের কোন ঘটনা ঘটেনি। তবে একমাস যাবত এ ধরণের ঘটনা বেশী ঘটছে বলে তিনি জানান। আজকের এ ঘটনায় ওই দু’ মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে দেশের রেল আইন অনুযায়ি মামলা হবে বলে তিনি জানান।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবীর আহমেদ বলেন, খুলনা থেকে বেনাপোলগ্রামী বেতনা এক্সপ্রেস (বেনাপোল কমিউটার) সকাল পৌনে সাতটার দিকে ট্রেনটি খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সোয়া সাতটার দিকে ট্রেনটি খানজাহান আলী থানাধীন যোগীপোল মাদ্রাসার সামনে পৌছালে কে বা কারা ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হয়। পাথরের আঘাতে তার ঠোট ও মুখ ফেটে রক্ত বের হয়। সাথে সাথে ট্রেন থামিয়ে দেন তিনি। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনস্থালে পৌছে মাদ্রাসা ছাত্র সিয়াম ও সাজ্জাদকে আটক করে।
গ্রেপ্তার হওয়া সাজ্জাদ শেখ উপস্থিত সাংবাদিকদের জানান, রাস্তার ওপরে কয়েকটি কুকুর মারামারি করছিল। তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল সে। সেখান থেকে একটি পাথর ট্রেনে গিয়ে লাগে। ভয়ে সে সেখান থেকে পালিয়ে মাদ্রাসায় চলে আসে। পরে পুলিশ তাকে আটক করে রেলওয়ে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ