হোম » সারাদেশ » বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে এক নারীর আত্মহত্যা

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে এক নারীর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে শিউলি ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। পরিবারের দাবি, ওই নারী মানসিক ভারসাম্যহীনতার কারণে আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ শে মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সান্তাহার স্টেশন এলাকায় রেলওয়ে থানার সামনে এ ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। ৪২ বছরের শিউলি উপজেলার কুসুম্বী গ্রামের সনাতন ঘোষের স্ত্রী। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র এসব তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন শিউলি। তার পড়নে ছিল লাল-সবজু রঙের শাড়ি। বেলা ১২ টার দিকে তিনি রেলওয়ে থানার পাশে একটি গাছের নিচে বসে ছিলেন। এ-সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্তঃ ট্রেন আসতেই তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার দুই পা কাটা পড়ে তিনি মারা যান। এসআই নরেশ বলেন, ট্রেনে কেটে মারা যাওয়ার খবরে শিউলির স্বামী, ছেলে ও ভাই থানায় উপস্থিত হন। তারা নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার তাকে (নরেশ) জানিয়েছে, শিউলি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। এর আগেও বাড়ি ছেড়ে চলে গেছেন। পরে খুঁজে আনা হত। তার স্বাভাবিক বোধ না থাকায় আত্মহত্যা করেন শিউলি। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান এসআই নরেশ। তিনি বলেন, হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব বিষয় নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাকিউল আযম। তিনি জানান, পরিবারের দাবি পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!