হোম » সারাদেশ » সিরাজগঞ্জে নির্মাণ সামগ্রী মুল্য বৃদ্ধি, ক্ষতিগ্রস্থ ঠিকাদারদের মানববন্ধন

সিরাজগঞ্জে নির্মাণ সামগ্রী মুল্য বৃদ্ধি, ক্ষতিগ্রস্থ ঠিকাদারদের মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: নির্মাণ সামগ্রী মূল্য বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স কমানো এবং পুরোনো দরে দরপত্র আহ্বান বন্ধের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদারেরা। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা ঠিকাদার সমিতির আয়োজনে শহরের বাজার স্টেশন চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি প্রদান করা হয়েছে। মানববন্ধনে অংশ নেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত শতাধিক ঠিকাদার।

সিরাজগঞ্জ জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক মেসার্স লিটন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোর্শেদুল আলম লিটনের সভাপতিত্বে ও সুজন কন্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মঞ্জুরুল আলম টিক্কার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঠিকাদার এমদাদুল হক শিপন, নাজমুল হক, আবুল খায়ের সেলিম, ওয়াহেদ খান তনু, শাহীন আহমেদ, আরিফ খান, মনিরুল ইসলাম মনা, জাহিদুল ইসলাম টুটুল, নাসকিব হাসান সুমন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমানে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রী গত দুই মাসে ৩৫% বৃদ্ধি পেয়েছে। মূল্য সমন্বয় না করে পুরনো দরপত্রের রেটে কাজ সম্পন্ন করতে গিয়ে ঠিকাদাররা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর পাশাপাশি, অতিরিক্ত আয়কর আদায়, প্রতিমাসে ভ্যাট রিটার্ন বন্ধ, ২০১৪ ও ২০১৮ সালের রেট বাতিল করে চলমান বাজার দর অনুসারে নতুন রেটে টেন্ডার আহবানের দাবী জানান ঠিকাদারেরা। ঠিকাদাররা বলেন, সরকারের উন্নয়ন কর্মকা-ের সহযোগী হিসেবে কাজ করার ফলে সরকারের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের দাবী অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!