
লতিফ রানা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু জানতেন আমাদের এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন ধ্বংসস্তুপের উপর দাড়িয়ে তিনি বলেছিলেন ‘আমার দেশের মাটি ও মানুষ আছে, ইনশাআল্লাহ আমি আবারো সোনার বাংলা গড়তে পারবো’।
বঙ্গবন্ধু জীবিত থাকতে এই দেশের অবকাঠামো পুনরায় স্থাপন করে গিয়েছেন। তিনি বেঁচে থাকলে এতো দিনে নিশ্চই আমরা এই দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারতাম। নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু’র পথযাত্রার প্রারম্ভিক সময়ের অনেক স্মৃতি রয়েছে। এখানে অনেক স্মৃতিময় কর্মসূচি পালন করেছেন তিনি। তাই নারায়ণগঞ্জ দেশের বুকে একটি মর্যাদার জায়গায় আছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ও হ্যাট্রিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিস সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেনসহ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ।
এ সময় মেয়র হিসেবে আইভী পুনরায় নির্বাচিত তাকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সেলিনা হায়াৎ আইভী প্রথম যখন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেন তখন আওয়ামী লীগের কোন সমর্থকের পক্ষে নির্বাচিত হওয়া হওয়া অনেক কঠিন একটি বিষয় ছিল। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ এলাকা। এক সময় ব্যবসায় বাণিজ্য, শিল্প সংস্কৃতির দিক দিয়ে অনেক উর্ভর ছিল। আপনাদের কাছ থেকে যদি পাচঁ হাজার টাকা নিয়ে পাচঁ লাখ টাকার সুবিধা দেয় তাহলে তো আপনার আর সমস্যা নাই।
জাতির পিতার স্বপ্ন ছিলো সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা। এখন কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমানে সুযোগ সুবিধা আছে। আমরা যদি আমাদের দেশের মানুষকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের দেশকে আরও দ্রæত এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে আমাদের দেশকে একটি উন্নত রাষ্টে পরিণত করার একটি পরিকল্পনা রয়েছে। সে জন্য আমাদের স্থানীয় সরকারকে আরও উন্নত করতে হবে। প্রতিটি উন্নত দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠিত, তাই সেই দেশের নাগরিকরাও উন্নত সুযোগ সুবিধার অধিকারি।