প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২২, ৮:১৯ অপরাহ্ণ
দাগনভূঞায় দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের আশ্বাস এমপি – মাসুদ উদ্দিন চৌধুরী

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনী ৩ আসনের সাংসদ লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সাথে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ মার্চ রবিবার সকাল দশটায় সোনাগাজীতে এমপির নিজ বাসভবনে মতবিনিময় সভায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সমসাময়িক আলোচনায় দাগনভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান।
এসময় এমপি মাসুদ উদ্দিন চৌধুরী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে অতি দ্রুত ডিও লেটার প্রদানসহ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও বর্তমান কৃষি জমির মাটি কাটা বন্ধ ও প্রশাসনিকভাবে ফসলি জমি রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে দাগনভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করেন তৎকালীন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। অধিগ্রহণকৃত ৩৩ শতক ভূমির মূল্য ২২ লাখ ২১ হাজার ৫ টাকা। ভূমির মালিকরা মামলা দেয়ার কারণে ওখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ভূমি সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সভাপতি ইকবাল শাহিন ও ভূমি কর্মকর্তাসহ ৬ জনকে
আসামি করে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি আরও জানান, দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশনের জন্য অধিগ্রহণকৃত জায়গার উচ্চ আদালতে মামলার কারণে নির্মাণ হয়নি। বর্তমানে ওই জায়গা থেকে সরে নতুনভাবে জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এদিকে প্রকল্পের মেয়াদ শেষে বাজার দর বৃদ্ধি হওয়ায় নির্মাণকাজ শুরু হয়নি। বর্তমানে নতুন আইনে ফায়ার স্টেশনের জন্য পুকুরসহ ৮০ শতাংশ জায়গা অধিগ্রহণ করতে হবে। এখন দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য পুকুরের জায়গা অধিগ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.