
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় ট্রাকচাপায় আফরোজা আক্তার (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (২৬)।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আফরোজাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত পুলিশ সদস্যের বড় বোন নুর বানু জানান, হাবিবুর পুলিশ সদর দপ্তরে কর্মরত। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাংলাবাজার চেঙ্গাকান্দি। ২০১৫ সালে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। ২ বছর আগে তিনি বিয়ে করেন। তবে তাদের কোনো সন্তান নেই।
তিনি জানান, নিয়মিত ঢাকা থেকে বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেন হাবিবুর। এদিন স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইলে তার বাসায় বেড়ানোর জন্য রওনা দেন। কিন্তু পরে পথচারীদের মাধ্যমে তাদের দুর্ঘটনার খবর শুনতে পারেন।
দুর্ঘটনার পর পথচারীরা তাদের দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আফরোজাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাবিবুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান জানান, শিমরাইল ট্রাক স্ট্যান্ডের বিপরীত পাশে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে একটি অজ্ঞাত নামা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
SSS###

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ