প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২২, ২:৩৪ পি.এম
সিরাজগঞ্জের বালুর ট্রাক চাপায় মুদি দোকানি নিহত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহি ট্রাক চাপায় মোঃ আতিক (২৫) নামের এক মুদিদোকানি নিহত হয়েছে। বুধবার সকাল সোয়া নয়টার দিকে খামারগ্রাম ডিগ্রি কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক দৌলতপুর ইউনিয়নের আজুগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় মোটর সাইকেলের চালক রাজু আহম্মদ আহত হয়েছে। সে একই গ্রামের হানিফের ছেলে। সম্পর্কে তারা চাচা ভাতিজা বলে জানা গেছে। এলাকাবাসি ও নিহতের স্বজনেরা জানান, বুধবার সকালে চাচা-ভাতিজা একটি মোটর সাইকেলে এনায়েতপুর থানা সদরের দিকে যাচ্ছিল।
পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের খামারগ্রাম ডিগ্রি কলেজের পাশে মোটরসাইকেল এলে একটি বালুবাহি ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে দুজনই আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত ঘোষনা করেন। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.