প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২২, ১:০৪ পি.এম
সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন আবু হায়াত ঢালী

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর সদর: সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন আবু হায়াত ঢালী নামে এক জেলে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দাড়গাঙ বড়খালে অবস্থানকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সোমবার ভোররাতে সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।আবু হায়াত ঢালী সাতক্ষীরার শ্যামনগরের ৬নং রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে।
বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন-উর-রশিদ জানান, গত ২৯ জানুয়ারি কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের কেরামত সানার ছেলে বাবলু ও একই গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম ও ৬নং রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে আবু হায়াত ঢালী এক সঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান। সকালে খবর পেয়েছি আবু হায়াত ঢালী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে এনেছে। তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
প্রসঙ্গত, আবু হায়াত ঢালীর চাচা টেংরাখালি গ্রামের আনছার ঢালী ইতোপূর্বে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.