
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ এর ফতুল্লা থেকে অস্ত্র, হত্যা, চাঁদাবাজীসহ বিভিন্ন মামলার আসামী জামাল ওরফে কিলার জামাল (৪৮)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার উপপরিদর্শক এসএম শামীম ও আশিক ইমরানের নেতৃত্বে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল ফতুল্লা থানার পাগলার রসুলপুর এলাকার সাহাবুদ্দিনের পুত্র।
তার বিরুদ্ধে পুলিশ কনস্টেবল মকবুল ও গ্রাম সরকার শাহালম হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজীর বিষয়ে ফতুল্লা মডেল থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে উপপরিদর্শক এসএম শামীম জানান, জামাল ফতুল্লা থানায় দায়ের করা একটি চাঁদাবাজী মামলার পলাতক আসামী ছিলো। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, চাঁদাবাজীসহ বহু সংখ্যক মামলা রয়েছে।
জামাল ও তার সহোযোগিরা গত ২ জানুয়ারি সন্ধ্যায় চাঁদার দাবীতে পাগলা ইসলামিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের দুই পুত্র মোহাম্মদ রানা (৩২) ও অহিদুল ইসলাম সিয়াম(২১)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মজিবুর রহমান বাদী হয়ে জামাল, আলাউদ্দিন (৩০) ও মহারাজ (৩০) এর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
এক দশক পূর্বে জামাল তার নিকটাত্বীয় পুলিশের সাবেক কনেস্টেবল মকবুল ও গ্রাম সরকার শাহালম কে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এর আগে সে অস্ত্র মামলা, হত্যা মামলাসহ আরো একাধিক মামলায় বেশ কয়েক বছর কারাভোগ করে। সেখান থেকে জামিনে বেরিয়ে এসে আবারও বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে বলে এলাকাবাসী জানায়।