প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ
খুবিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে টিএসসি ভবন নির্মাণকাজের উদ্বোধন

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি ভবন নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসসি নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেড এর প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্মাণকাজের উদ্বোধনের পর সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। পরে উপাচার্য ও উপ-উপাচার্য পাইল নির্মাণ কাজেরও সূচনা করেন।
৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা ব্যয় সাপেক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন নির্মাণ কাজটি করছে মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেড। টিএসসি ভবনে ফ্লোরের মোট আয়তন হবে ১০ হাজার বর্গমিটার, সেখানে থাকবে ১,২০০টি আসন ব্যবস্থা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.