হোম » সারাদেশ » চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পিকআপে তল্লাশি চালিয়ে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৩১শে জানুয়ারি) সকাল ৭টার সময় চুয়াডাঙ্গার কেদারগঞ্জস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এম.এল.টি সাইট কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-দর্শনাগামী আঞ্চলিক মহাসড়কের উপর হতে তাদেরকে আটক করা হয়।
 আটকৃতরা হলো ঢাকার নবাবগঞ্জ থানাধীন কুটুরী গ্রামের চুন্নু মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভালাইপুর গ্রামের মৃত জনাব মণ্ডলের মেয়ে বিথী বেগম ওরফে জাহানারা (৩৩) এবং দামুড়হুদা থানাধীন মজলিসপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাগর আলী (১৮)। সোমবার দুপুরে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়ন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে পিকআপযোগে ফেন্সিডিল পাচার হবে। আভিযানিক দলটি উক্ত সংবাদ পেয়ে তার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এর নেতৃত্বে সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন কেদারগঞ্জ এলাকার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এম.এল.টি সাইট কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-দর্শনাগামী আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৩৮০১) তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। তল্লাশিকালে ওই পিকআপ থেকে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আরও উদ্ধার করা হয় তিনটি মোবাইল, দু’টি সীমকার্ড ও নগদ ৪১ হাজার ৫৩০ টাকা। উদ্ধারকৃত আলামতসমূহ জব্দপূর্বক আটককৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!