হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : টানা ১০ দিন পর আদালত বর্জনের পর সিরাজগঞ্জে আদালতে স্ব-স্ব কর্মস্থলে ফিরেছে আইনজীবীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে আদালত চত্বর। এর আগে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আদালতে কর্মচারীদের মধ্যে আলোচনার পর আইনজীবীরা স্ব-স্ব কর্মস্থলে কাজ করার সিদ্ধান্ত নেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইনজীবী এবং আদালতের স্টোনোগ্রাফার ইউসুফ আলী ও আইনজীবী আবুল কালামের মধ্যে সংগঠিত একটি অনাকাঙ্কিত ঘটনার সমাধান করতে সোমবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, আইনজীবী ও কর্মচারীদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে ফলপ্রসু আলোচনায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমঝোতা বৈঠকে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ উভয় আদালতের সকল বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পিপি, জিপিসহ সিনিয়র আইনজীবী ও উভয় আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলী ও আইনজীবী আবুল কালামের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আইনজীবী ও আদালতের কর্মচারীরা পাল্টাপাল্টি বিক্ষোভ-মিছিল করে। এছাড়া মারপিটের অভিযোগ এনে আইনজীবী ও স্টোনোগ্রাফারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়। পরে ১৬ জানুয়ারি স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে গ্রেফতার ও বিচার দাবিতে আদালত বর্জন করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে আইনজীবিরা। অবশেষে সোমবার (২৪ জানুয়ারি) বিচারক-আইনজীবী ও কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে আদালত বর্জন প্রত্যাহার করে নেন আইনজীবীরা।
আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী